তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ

, বাংলাদেশ

তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ

ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। এই ঘটনায় তাহসিফের পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দেওয়া তথ্যমতে, জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ঘটনার দিন রাতে তারা ঘটনাস্থলে কথোপকথন করছিলেন বলে তিনি দাবি করেছেন। দিপের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে পুলিশের কিছু সদস্য তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তার এই বক্তব্যের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।

তদন্তকারী সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিষয়টি স্পষ্ট করতে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

পুলিশের ধারণা, রাজবাড়ি ঘাট এলাকাটি মাদক কারবারিদের আড্ডা হিসেবে পরিচিত। মাদক ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন বলেও তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন। এদিকে, লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা নিশ্চিত হতে কাজ চলছে, তবে প্রাথমিক পরীক্ষায় সেটিকে তার ব্যবহৃত যান বলেই ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলটি বর্তমানে উত্তরখান থানায় সংরক্ষিত রাখা হয়েছে এবং নৌ পুলিশকে এ তদন্তে সহায়তা দিচ্ছে পিবিআই। পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা যাচাই–বাছাই করা হচ্ছে। উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ উত্তরায় নিজের বাসা থেকে বের হয়েছিলেন। ঘটনার দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি বাসায় ফিরছেন। কিন্তু এরপরই তার আর কোনো খোঁজ মেলেনি। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। প্রকৃত ঘটনা উদঘাটনে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের ওপর জোর দিয়েছেন তিনি। এই মর্মান্তিক মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে, যার উত্তর খুঁজছে পুলিশ প্রশাসন।