প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কমিটিতে চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক) দায়িত্ব পেয়েছেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এই ঘটনায় ফ্লাইট বিলম্বের ফলে যাত্রীদের ভোগান্তি ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ৫ ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং টিম ও জাপানের টেকনিশিয়ানদের যৌথ প্রচেষ্টায় ত্রুটি সারানোর পর রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটি পুশব্যাক করে এবং ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।



