চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন যুবক

, বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন যুবক

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরিক মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালের দিকে তরিক বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক পংকজ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।