ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, বাংলাদেশে সতর্কতা

, বিশ্ব

ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, বাংলাদেশে সতর্কতা

ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত শিনতাফু হিমবাহ হ্রদটি ভেঙে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উজানের এই বন্যার পানি ভাটির দিকে নেমে আসায় বাংলাদেশের নদ-নদীতেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের গাসা জেলায় অবস্থিত শিনতাফু হ্রদটি ভেঙে যায়। এর ফলে মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র গাসা ছাচুর অবকাঠামোগুলো সম্পূর্ণ ভেসে গেছে। তবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আগেভাগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভুটানের বিপজ্জনক ১৭টি হিমবাহ হ্রদের তালিকায় শিনতাফু অন্যতম। এর আগেও ২০২১ সালের আগস্ট মাসে একই এলাকায় আকস্মিক বন্যা হয়েছিল, যা মো ছু নদীর গতিপথ বদলে দিয়েছিল। বন্যার পানি ইতোমধ্যে পুনাখা জং থেকে আট কিলোমিটার দূরে স্রিগাং এলাকা অতিক্রম করেছে। পরিস্থিতি গুরুত্ব দিয়ে ভুটান সরকার ভারতকেও আগাম বার্তা দিয়েছে। এর মধ্যে আসামের ধুবড়ি এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এলাকাগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।

সংকোশ নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে এমন আশঙ্কায় কোচবিহারের তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। যেহেতু সংকোশ নদী আসামের ভেতর দিয়ে ব্রহ্মপুত্রে এবং পরে যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তাই উজানের এই পানির চাপ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে দেশে বন্যার তীব্রতা কতটা হতে পারে, তা মূলত পানির পরিমাণ এবং নদীর স্বাভাবিক প্রবাহের গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে।