নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান

, বিশ্ব

নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। ১০ নভেম্বর, মঙ্গলবার এই সামরিক স্থাপনার উদ্বোধনী আয়োজনের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ ধরেই ইরানের শীর্ষ নেতৃত্ব বিশ্বকে চমকে দেওয়ার মতো নতুন অস্ত্র উন্মোচনের ইঙ্গিত দিয়ে আসছিলেন, যা এখন বাস্তবে রূপ নিল।

উন্মোচিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভূগর্ভস্থ স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার সারি সারি সাজানো রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর অপারেশনাল সক্ষমতা এবং প্রস্তুতির বিষয়গুলো সরাসরি পরিদর্শন করেন।

জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাটির অনেক গভীরে সংরক্ষিত এবং উৎপাদিত এসব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে হতবাক করে দিতে সক্ষম। এর মাধ্যমে ইরান নিজস্ব সামরিক সক্ষমতার অকাট্য প্রমাণ দিচ্ছে। গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, যার অংশ হিসেবেই মঙ্গলবারের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

মোহেব্বির ভাষ্যমতে, অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে মাটির গভীরে সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্যই নয়, বরং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য মাটির নিচে গড়ে তোলা হয়েছে বিশেষ অবকাঠামো। ইরানের বিশাল ভূখণ্ড, নিজস্ব প্রযুক্তিনির্ভরতা এবং উৎপাদন কাঠামোর নমনীয়তার কারণে শত্রুপক্ষের ব্যাপক বোমাবর্ষণের মুখেও এই উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।

এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র তাদের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।

এর মধ্যে নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জন অন্যতম। ইরান এখন অস্ত্র আমদানিকারক দেশ থেকে উন্নত সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন এখন শিল্প পর্যায়ে ব্যাপকভাবে উৎপাদিত হচ্ছে, যা বিভিন্ন দেশ অনুকরণ করছে। এছাড়াও ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিদেশে রপ্তানি করা হচ্ছে।

মোহেব্বির দাবি অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাই অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো আধুনিক ড্রোন অন্তর্ভুক্ত। সামরিক দিক থেকে ইরান এখন বিদেশি কোনো যন্ত্রাংশ বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নির্ভরশীল নয়; বরং নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করিয়েছে।

অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ইরান রাডার-অদৃশ্য বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করেছে, যা ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে ধরা পড়া থেকে বিরত রাখে। এর ফলে যুক্তরাষ্ট্রের ‘থাড’ বা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে নির্ধারিত লক্ষ্যে আঘাত করা সম্ভব। এছাড়া দেশটির বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের সাথে সামরিক খাতের সরাসরি সমন্বয় ঘটিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন করা হয়েছে। বিজ্ঞান ও শিল্পের সমন্বয়: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।

শত্রুপক্ষকে নতুন করে আগ্রাসনের চিন্তা থেকে বিরত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রেখেছে ইরান। মোহেব্বি সবশেষে যোগ করেন, যদি শত্রুপক্ষ ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া আরও নতুন সব প্রযুক্তি সামনে আনা হবে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে।