২৮ ডিসেম্বর খালেদা জিয়ার স্মরণসভা, স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান

, বাংলাদেশ

২৮ ডিসেম্বর খালেদা জিয়ার স্মরণসভা, স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ২৮ ডিসেম্বর ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে শনিবার জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্মরণসভাটিতে দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজক পক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব এবং জাতি গঠনে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই স্মরণসভাকে স্মরণীয় করে রাখতে খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্রন্থে খালেদা জিয়ার নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, নারীশিক্ষা ও উন্নয়ন, পররাষ্ট্রনীতি, সুশাসন এবং তাঁর ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার মতো বিষয়গুলো বিশ্লেষণধর্মী লেখায় উঠে আসবে। দেশের প্রথিতযশা লেখক, গবেষক, অর্থনীতিবিদ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে [email protected] ঠিকানায় লেখা জমা দিতে পারবেন। সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে স্থান পাবে। লেখকদের ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected] ) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন, নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন।

স্মরণসভা ও স্মারকগ্রন্থের পাশাপাশি খালেদা জিয়ার ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং জাতীয় অর্জনের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র এবং স্মারকগ্রন্থ বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার বহুমাত্রিক অবদানের ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকারকে স্পষ্ট করবে।