বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিম গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে এ দেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না।
মীর শাহে আলম বলেন, যারা বাংলাদেশের মাটিতে তাঁবেদার রাষ্ট্র কায়েমের জন্য ষড়যন্ত্র করছে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা ভাবার অবকাশ নেই। পরিস্থিতি স্বাভাবিক না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে বিদেশ থেকে ফোন পেয়ে কারও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান তিনি। যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাঁদের দেশে এসে রাজনীতি করার আহ্বান রাখেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোকামতলা এলাকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার ফলক উন্মোচন করবেন তিনি। এছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
মগ ও চারা বিতরণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট ১ লাখ ২২ হাজার বাড়িতে পর্যায়ক্রমে এই উপহার পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৬২ হাজার এবং আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ ও নিমগাছের চারা দেওয়া হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি গাছের যত্ন নেওয়া, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মনোযোগ দিয়ে পড়াশোনার পরামর্শ দেন। পাশাপাশি নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে এসব উপহার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এগুলো বিতরণের কর্মসূচি চলমান থাকবে।



