অংশীদারিত্ব জোরদারে একমত কাতারের আমির ও জার্মান চ্যান্সেলর

, বিশ্ব

অংশীদারিত্ব জোরদারে একমত কাতারের আমির ও জার্মান চ্যান্সেলর

জার্মানিকে কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যকার কয়েক দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক যৌথ সংবাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন। আমির আশা প্রকাশ করেন, এই উচ্চপর্যায়ের আলোচনা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় ও পরামর্শ জোরদার করবে, যা উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করবে।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে কাতারের আমির জানান, আলোচনায় অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, শিল্প, প্রযুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জার্মানিতে কাতারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ দেশটির শক্তিশালী অর্থনীতি ও শিল্প দক্ষতার প্রতি দোহার গভীর আস্থার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কাতারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোতে জার্মান কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণ দুই দেশের কৌশলগত সম্পর্কের গভীরতা প্রমাণ করে।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে আমির বলেন, দুই দেশের জ্বালানি খাতের সহযোগিতা পারস্পরিক আস্থা ও প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ নিশ্চিত ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উন্নত শিল্প খাতে অংশীদারিত্বের সুযোগ সম্প্রসারণের ওপরও জোর দেন তিনি।

বৈঠকে মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির। এ সময় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতিকে প্রাধান্য দেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়। আলোচনায় ফিলিস্তিন ইস্যু এবং অঞ্চলটির মানবিক সংকটও উঠে আসে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা এবং উত্তেজনা প্রশমনে নিরলস প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন উভয় নেতা।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস তাঁর গত ফেব্রুয়ারির দোহা সফরের সাফল্যের কথা স্মরণ করে বলেন, ওই সফরে হওয়া সমঝোতাগুলোর ভিত্তিতেই আজকের আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে। তিনি কাতার ও জার্মানিকে শক্তিশালী অংশীদার হিসেবে অভিহিত করে জানান, সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিমধ্যে বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে এবং নতুন নতুন চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে।

বিভিন্ন সংঘাতপূর্ণ পক্ষের মধ্যে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে জার্মান চ্যান্সেলর বলেন, এ ধরনের উদ্যোগের বিষয়ে উভয় দেশের কূটনৈতিক দল সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতিতে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, কাতার ও জার্মানি ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলোতে আরও বড় অর্জন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যৌথ সংবাদ বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, আমিরের সফরসঙ্গী প্রতিনিধিদল এবং জার্মানির ঊর্ধ্বতন মন্ত্রীরা উপস্থিত ছিলেন।