কয়েক দিনের টানা উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের পরিবেশ কাটিয়ে গোপালগঞ্জ শহর ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেটগুলো খুলতে শুরু করেছে। সড়কে মানুষের পদচারণা ও যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেড়েছে। দীর্ঘদিনের থমথমে অবস্থা কাটিয়ে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসেছে স্বাভাবিক ব্যস্ততা। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে জনজীবনে এমন ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো খুলে দেওয়ায় শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা দিয়েছে। হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেন জানান, এর আগে স্থগিত থাকা আইসিটি পরীক্ষা শনিবার সম্পন্ন হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছেন। কোচিং শিক্ষার্থী রহিম জানান, আগের মতো আর অস্থিরতা নেই, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। তাদের প্রত্যাশা, সামনে আর কোনো সমস্যা হবে না।
পরিবহন ও দৈনন্দিন জীবনেও স্বাভাবিকতা ফিরে এসেছে। রিকশাচালক জহির মিয়া জানান, এখন কোনো প্রকার ভয় ছাড়াই তিনি গাড়ি নিয়ে বের হতে পারছেন। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির কারণে জনসাধারণের মধ্যে কিছুটা সতর্কতা এখনো কাজ করছে। এদিকে ব্যাংক কর্মকর্তা আতিক রহমান জানান, রোববার থেকে জেলার ব্যাংকগুলো পুনরায় পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। তিনি সকালে প্রয়োজনীয় বাজার করতে বেরিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন।
শহরে জনজীবনে চাঞ্চল্য ফিরলেও নতুন করে কোনো কর্মসূচির ঘোষণা নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ও আলোচনা রয়েছে। যদিও শনিবারের চিত্রে স্পষ্টত আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক পরিবেশ বজায় ছিল। সব মিলিয়ে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম চালুর প্রস্তুতির মধ্য দিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি উন্নতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। নতুন কর্মসূচির ঘোষণা নিয়ে সতর্ক দৃষ্টি থাকলেও জনজীবন এখন অনেকটাই ছন্দে ফেরার পথে।



