জার্মানির রাষ্ট্রীয় সফরে বার্লিনে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বার্লিনের ভিলা বোর্সিগে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান জার্মানির প্রেসিডেন্ট ড. ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। আমিরের আগমনে প্রেসিডেন্ট স্বয়ং উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন।
ভিলা বোর্সিগে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে কাতার ও জার্মানির মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই আলোচনায়।
সফরের অংশ হিসেবে কাতারের আমির জার্মানির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, বার্লিনের গভর্নিং মেয়রর সঙ্গে সাক্ষাৎ এবং স্থানীয় একটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে।



