খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে চড়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলি লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



