মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল নদীপথে ট্রলারযোগে এসে ব্যবসায়ী স্বপন শিকদারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির বারান্দার পকেট গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ডাকাতদের উপস্থিতি টের পেয়ে সদস্যরা কক্ষের দরজা আটকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ডাকাতরা দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে বাড়ির মালিক স্বপন শিকদারকে কুপিয়ে জখম করা হয়। লুটপাটের সময় ডাকাতরা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ মোট ১৫ লাখ টাকার মালামাল নিয়ে নদীপথেই পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করেছে।



