অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে শুরু: প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ

, খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে শুরু: প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ডারউইনে প্রথম দিনের শুরুতেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রথম সেশনেই কোণঠাসা করে ফেলেছেন টাইগার পেসাররা। ২২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান।

চোটের কারণে নাহিদ রানা দলে না থাকলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের বোলিং তোপে দিশেহারা অজি ব্যাটাররা। হাসান মাহমুদ সাজঘরে ফিরিয়েছেন দুই ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে। মার্নাস লাবুশেনকে আউট করেছেন ইবাদত হোসেন। মধ্যাহ্নবিরতির ঠিক আগে তাসকিন আহমেদ তুলে নেন ক্যামেরন গ্রিনের উইকেট। তবে স্টিভ স্মিথ ব্যক্তিগত ৭ রানে জীবন পেয়েছেন; ইবাদতের বলে তার ক্যাচটি তৃতীয় স্লিপে লুফে নিতে পারেননি তানজিদ হাসান তামিম।

প্রথম সেশন শেষে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত স্কোর: ২২ ওভারে ৭৪/৪। ব্যক্তিগত স্কোরে ওয়েদারাল্ড ২৩, হেড ২২, গ্রিন ১৩, স্মিথ ৭ ও লাবুশেন ১ রান করেছেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ২৫ রানে ২, ইবাদত ১৭ রানে ১ ও তাসকিন ২৬ রানে ১ উইকেট শিকার করেছেন।