ডারউইন টেস্টে ইতিহাস গড়েছেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে তিনি নাম লেখালেন রেকর্ড বইয়ে। ১৯৬৪ সালে পাকিস্তান কিংবদন্তি হানিফ মোহাম্মদের পর এশিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করার অনন্য নজির গড়লেন এই তরুণ ব্যাটার।
ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তায় অস্ট্রেলিয়া চাপে পড়েছে। আটে নামা পেসার হাসান মাহমুদ নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ বল খেলার রেকর্ড গড়েছেন। গত বছর সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৫৮ বল খেলার পরিসংখ্যান ছাপিয়ে আজ তিনি ৭৬ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। এছাড়া ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে আজই প্রথম অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম।
ফিল্ডিংয়েও রেকর্ড হয়েছে ডারউইনে। ইংল্যান্ডের জো রুটের পাশে বসে স্টিভেন স্মিথ টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছেন। আজ তিনটি ক্যাচ নিয়ে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে ১০০+ রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট জিতেছে ২০১০ সালে, সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।



