প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংকটে ইউক্রেন, ট্রাম্পের সঙ্গে বাড়ছে বিরোধ

, বিশ্ব

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংকটে ইউক্রেন, ট্রাম্পের সঙ্গে বাড়ছে বিরোধ

রাশিয়ার আকাশপথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের কাছে শেষ হয়ে গেছে। এর ফলে দেশটির সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার তথ্য সিএনএনকে জানিয়েছে ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশ্য মতবিরোধের মধ্যেই এমন সংকট দেখা দিল।

কিয়েভের আকাশে রুশ হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি মারাত্মক প্রভাব ফেলেছে। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র না থাকায় গত হামলায় ছোঁড়া প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই রুখে দেওয়া সম্ভব হয়নি। বুধবার রাত থেকে সকাল পর্যন্ত চালানো এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের তিনটি বিদ্যুৎকেন্দ্র এবং খারকিভের শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভে হামলায় চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে সরবরাহ সীমিত থাকা ও উচ্চ মূল্যের পাশাপাশি ইরান যুদ্ধের পটভূমিতে বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা জোরদার করায় এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বিশ্বব্যাপী ঘাটতি তীব্র হয়েছে। জেলেনস্কি বহু দিন ধরেই সতর্ক করে আসছিলেন যে তাদের প্যাট্রিয়ট মজুত ফুরিয়ে আসছে। একই সঙ্গে বিশ্ববাজারে এগুলোর সরবরাহও সীমিত। খারকিভের জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়।

রাজনৈতিক অঙ্গনে হোয়াইট হাউস সম্প্রতি রাশিয়ার ডিজেল আমদানির জন্য একটি বিতর্কিত চুক্তি অনুমোদন করেছে। একই সঙ্গে রাশিয়ার তেল অবকাঠামোয় ইউক্রেনের ড্রোন ও দূরপাল্লার হামলা বন্ধে কিয়েভকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তির মাধ্যমে ট্রাম্পের পক্ষ থেকে তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের এই অবস্থান সত্ত্বেও রুশ তেল শোধনাগারে হামলা অব্যাহত থাকবে। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প জ্বালানির দাম বৃদ্ধির জন্য এই যুদ্ধকে দায়ী করলেও বিশ্লেষকরা ইরান যুদ্ধের প্রভাবকে মূল কারণ হিসেবে দেখছেন।

মার্কিন প্রশাসনের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে কিয়েভ যদি হামলা বন্ধ না করে, তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের কাছে মার্কিন অস্ত্র বিক্রি ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করা হতে পারে। ইউক্রেনকে ইউরোপীয় সহায়তায় অস্ত্র সরবরাহের বিশেষ ব্যবস্থা ‘পিইউআরএল’ স্থগিত করা হলে ভবিষ্যতে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট সরবরাহ স্থায়ীভাবে বন্ধ হতে পারে। পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন ও সামরিক কর্মকর্তাদের মাধ্যমে বার্তা পাঠানোর তথ্য এলেও প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে জোর দিয়ে দাবি করেন যে গোয়েন্দা তথ্য শেয়ারিং বন্ধ করা হয়নি। এমনকি মার্কিন সামরিক কর্মকর্তারাও সরাসরি ইউক্রেনের কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করেন।

সামরিক অভিযানের ক্ষেত্রে ইউক্রেন আরেকটি বড় ধাক্কা খেয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ পরিষেবার গতি সীমিত হয়ে পড়ায়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, হঠাৎ করে এই পরিষেবা সীমিত করায় তারা প্রস্তুত ছিলেন না, যার প্রভাব তাদের সামরিক কার্যক্রম, রজিস্টিকস এবং ড্রোন প্রতিহত করার ওপর পড়েছে। যদিও বৃহস্পতিবার এর সেবা আংশিক স্বাভাবিক হয়, তবে দ্রুতগতির সামরিক অস্ত্র পরিচালনায় এখনও প্রতিবন্ধকতা রয়ে গেছে। স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলোন মাস্ক এক্সে নিশ্চিত করেছেন, স্টারশিল্ড ব্যবস্থার চূড়ান্ত মালিকানা ও নিয়ন্ত্রণ মার্কিন সরকার ও সেনাবাহিনীর হাতে ন্যস্ত। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, স্টারশিল্ডের কার্যকারিতা কমিয়ে দেয়ায় তারা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। এর গতি কিংবা ব্যবহার সীমিত করার সিদ্ধান্তও মার্কিন সামরিক বাহিনী ও প্রেসিডেন্টের এখতিয়ারভুক্ত।