অতি বৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। তৈরি হওয়া জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জানান, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দিন চট্টগ্রাম ও আশপাশের এলাকায় অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
বৃষ্টির কারণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, কাপাসগোলা ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে। সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বের হয়ে ব্যাপক দুর্ভোগে পড়েন। অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই সুযোগে রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন সাধারণ নগরবাসী। এছাড়া অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বহদ্দারহাটের খাজা রোডের বাসিন্দা হাবিব বলেন, সামান্য বৃষ্টিতেই আমাদের নিচতলায় পানি উঠে যায়। আজ সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল। জলাবদ্ধতার কারণে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন।



