নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকালে বন্দরের মদনপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধ কর্মসূচি শেষে বেলা ১১টার দিকে নেতাকর্মীরা সড়ক থেকে সরে যান। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।



