পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে বরিশালের উজিরপুরের লাল শাপলার বিল

, বাংলাদেশ

পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠছে বরিশালের উজিরপুরের লাল শাপলার বিল

বরিশালের উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলার বিল দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। বিস্তীর্ণ জলাভূমিজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ দৃশ্য প্রতি বছর অসংখ্য প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুকে মুগ্ধ করে। এই প্রাকৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিলটিকে আরও আধুনিক, আকর্ষণীয় এবং পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সৌন্দর্যবর্ধনের কাজ জোরেশোরে এগিয়ে চলছে।

প্রকৃতির এই অপার সৌন্দর্য, বিস্তীর্ণ বিলের জলরাশি, নৌভ্রমণ এবং শান্ত গ্রামীণ পরিবেশ মিলে সাতলার শাপলার বিল ইতোমধ্যেই একটি অনন্য পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টদের মতে, এখানে আধুনিক ও দৃষ্টিনন্দন অবকাঠামো যুক্ত হলে দেশের পর্যটন মানচিত্রে উজিরপুরের অবস্থান আরও সুদৃঢ় হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিলের প্রবেশদ্বারে একটি দৃষ্টিনন্দন গেট ও আধুনিক ভিউ পয়েন্ট নির্মাণ করা হচ্ছে। এছাড়া পর্যটকদের যাতায়াত ও ভ্রমণের সুবিধার্থে ঘাটলাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উজিরপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে উপজেলা প্রশাসন বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থিরচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে বিলের সৌন্দর্য প্রচারের পাশাপাশি পর্যটন বিকাশে স্থানীয়দের সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সাতলার শাপলার বিল শুধু উজিরপুর নয়, বরং পুরো বরিশাল অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রতি বছর শাপলা ফোটার মৌসুমে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করেন। তবে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দর্শনার্থীরা নানা অসুবিধার সম্মুখীন হতেন। নতুন ভিউ পয়েন্ট, গেট ও ঘাটলা নির্মাণের উদ্যোগ পর্যটকদের সেই দুর্ভোগ অনেকটাই লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা দায়িত্ব গ্রহণের পর থেকে জনসেবামূলক ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। তার নেতৃত্ব ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে সাতলার লাল শাপলার বিলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার এই পরিকল্পনা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংশ্লিষ্টদের অভিমত, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা সম্ভব হলে সাতলার শাপলার বিল দেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ পর্যটনকেন্দ্রে পরিণত হবে। এতে উজিরপুরের পর্যটন সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের নতুন সুযোগ তৈরি হবে।