ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার অবকাশ নেই: ডা. জাহেদ উর রহমান

, বাংলাদেশ

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার অবকাশ নেই: ডা. জাহেদ উর রহমান

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছিলেন এবং এটি একটি নিয়মিত সফর। আমাদের গোয়েন্দা প্রধানও এর আগে ভারত সফর করেছেন, তাই এটি নিয়ে বাড়তি আলোচনার কিছু নেই। প্রয়োজনে সরকার এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতি দেবে।

হঠাৎ এই সফর কেন—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। তিনি এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, পররাষ্ট্রনীতিতে একটি কথা প্রচলিত আছে যে, বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। ভৌগোলিক বাস্তবতায় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

উল্লেখ্য, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সফর শেষে সোমবার প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে। এই সফরকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা জল্পনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা।

আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই—ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বক্তব্যে এই কথাটা বলেছেন, যে কথাটা আমরা সবসময় বলি—প্রতিবেশী আসলে পাল্টানো যাবে না।