কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। বুধবার বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উপদূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে। উল্লেখ্য, এফআরআরও হলো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগ, যারা দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের গতিবিধি ও যাবতীয় তথ্য সংরক্ষণ করে থাকে।
শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে চারজন কুষ্টিয়া জেলার বাসিন্দা। তারা হলেন—দেবাশিস দত্ত, তার তিন বছর বয়সী শিশু সন্তান শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন এবং মো. আকরাম আলী। নিহতদের মধ্যে দেবাশিস দত্ত ও তার শিশু সন্তান শর্ণশিষ কুষ্টিয়ার আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া পঞ্চম ব্যক্তি আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিনবাজারে বলে পুলিশ জানিয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত বাকি ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। উদ্ধারকাজ ও শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।



