বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধিদল। বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের নেতারা এই সাক্ষাতে অংশ নেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মেডিক্যাল ট্যুরিজম, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ মত প্রকাশ করেন। আলোচনায় মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সাক্ষাৎকালে ব্যক্তিগত পর্যায়ে আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সম্প্রতি তার বাসভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় এবি পার্টির নেতারা যেভাবে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন, তার জন্য তিনি ধন্যবাদ জানান। বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং এখানে দায়িত্ব পালনকালীন নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দুই দেশের মধ্যকার সহযোগিতার অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আস্থার ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। এবি পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার আব্বাস ইসলাম খান।



