মালয়েশিয়ার শ্রমবাজার চালু

, বাংলাদেশ

মালয়েশিয়ার শ্রমবাজার চালু

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটির শ্রমবাজার পুনরায় কার্যকর করার পাশাপাশি নিয়োগব্যবস্থাকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্ট ব্যবস্থায় নিয়োগের বিষয়েও তারা নীতিগতভাবে একমত পোষণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এজেন্সিগুলোর যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। একপর্যায়ে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু শর্তে নমনীয়তা দেখায় মালয়েশিয়া। মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার আইন, নির্ধারিত যোগ্যতার মানদণ্ড ও বিদ্যমান সমঝোতা স্মারকের প্রতি সম্মান রেখে বাংলাদেশের বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ৩৩৮টি এজেন্সির মধ্যে রয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং আরও ৩১২টি সাধারণ রিক্রুটিং এজেন্সি। ২০২২ সালের ১৮ ডিসেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা এমওইউয়ের শর্ত মেনেই এই এজেন্সিগুলো নির্বাচন ও তালিকাভুক্ত করা হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বৈদেশিক শ্রমবাজারের স্থবিরতা কাটানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার বাজার পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর আগে দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল, যার মধ্য থেকে এখন ৩৩৮টি এজেন্সিকে চূড়ান্ত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া পরিচালনার বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ার নিয়োগকর্তা খুঁজে বের করতে, জব অর্ডার বা চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে এবং কর্মী নির্বাচন করতে পারবে। প্রশাসনিক কার্যক্রম সহজতর করতে বোয়েসেলসহ ২৫টি প্রসেসিং এজেন্সি প্রয়োজনীয় সহায়তা দেবে। কলিং ভিসা ও ই-ভিসাসহ সরকারি সব প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রতিটি এজেন্সি নিজস্ব লাইসেন্সের মাধ্যমেই বিএমইটি থেকে ছাড়পত্র নিতে পারবে। প্রসেসিংয়ে নিয়োজিত এজেন্সিগুলো ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র বা এনওসি প্রদান করবে, যা প্রতিটি এজেন্সির কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় প্রয়োজন হচ্ছে।

কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ ও স্বার্থ সুরক্ষার বিষয়টি সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো অতিরিক্ত আর্থিক বোঝা কর্মীদের ওপর না পড়ে, সে ব্যাপারে এজেন্সিগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সাশ্রয়ী ও নিরাপদ উপায়ে অভিবাসন নিশ্চিত করতেই এ নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার কাজও চলমান রয়েছে। শ্রমবাজার দ্রুত সচল রাখার স্বার্থে বিতর্কিত ও ফ্যাসিবাদ বা অনিয়মের সঙ্গে জড়িত মেডিকেল সেন্টারগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আপাতত মালয়েশিয়ার ওয়েবসাইটে থাকা অবশিষ্ট সেন্টারগুলোর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। তবে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যৌথ প্রতিনিধি দল দ্রুতই বাংলাদেশে এসে প্রতিটি মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করবে এবং নতুন নীতিমালার আলোকে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নতুন যুক্ত হওয়া মেডিকেল সেন্টারের তথ্য নিয়মিত সরকারি ওয়েবসাইটে ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হবে। তালিকাভুক্ত সেন্টারগুলো নিয়মিত তদারকির আওতায় থাকবে এবং অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্দিষ্ট সেন্টারকে একচেটিয়া আধিপত্য বিস্তারের সুযোগ দেওয়া হবে না। এসব সেন্টারকে স্থানীয় আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে।

এই নিয়োগ প্রক্রিয়াকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রম সহযোগিতার এক নতুন অধ্যায় হিসেবে দেখছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক মনোভাব ও সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগ্রহীরা এখন থেকে কেবল তালিকাভুক্ত ও অনুমোদিত এজেন্সির মাধ্যমেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।