ত্বকের ক্যানসার প্রতিরোধে নতুন টিকার সাফল্য, ট্রায়ালে মিলল আশাব্যঞ্জক ফলাফল

, বিশ্ব

ত্বকের ক্যানসার প্রতিরোধে নতুন টিকার সাফল্য, ট্রায়ালে মিলল আশাব্যঞ্জক ফলাফল

ত্বকের ক্যানসার বা মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নতুন এক আশার আলো দেখা দিয়েছে। মার্ক ও মডার্না যৌথভাবে ‘ইন্টিসমেরান’ নামের একটি ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরি করেছে, যা ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপির ওষুধ কিট্রুডার সঙ্গে প্রয়োগ করা হয়। সাম্প্রতিক ট্রায়ালের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এই সম্মিলিত চিকিৎসায় রোগীরা আগের চেয়ে অনেক বেশি সময় ক্যানসারমুক্ত থাকতে পারছেন। শুধু কিট্রুডা ব্যবহারের তুলনায় এই নতুন পদ্ধতিতে ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

এই গবেষণার তৃতীয় ধাপের পরীক্ষায় এক হাজারের বেশি রোগী অংশ নিয়েছেন। তাঁদের সবারই উচ্চ ঝুঁকির দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ পর্যায়ের মেলানোমা ছিল। অর্থাৎ, কারও শরীরে বড় আকারের টিউমার ছিল, আবার কারও ক্যানসার ইতিমধ্যে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল। অস্ত্রোপচারের পর রোগীদের এই টিকা ও ওষুধের সংমিশ্রণ দেওয়া হয়। গবেষক প্রতিষ্ঠান দুটির দাবি, এই চিকিৎসা পদ্ধতি ক্যানসার ফিরে আসার সম্ভাবনা কমিয়ে রোগীদের সুস্থ থাকার সময়কাল বাড়াতে সক্ষম হয়েছে।

চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতিকে ক্যানসার বিশেষজ্ঞরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তবে পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত না হওয়ায় এবং স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা যাচাই-বাছাই বাকি থাকায় বিশেষজ্ঞরা কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই চিকিৎসাব্যবস্থা ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে।

নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত পাওয়ার পর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস ব্যবস্থায় এই টিকা অন্তর্ভুক্ত করার জন্য আলাদা একটি অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যদিও নতুন এই টিকা রোগীদের ক্যানসারমুক্ত থাকার সময় বাড়িয়েছে, তবে এই সুবিধা দীর্ঘমেয়াদে কত দিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের এই নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।