গত জুলাই মাসে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের একটি নজিরবিহীন সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র টানা চার দিন বন্ধ রাখতে হয়েছিল। বিষয়টি এতদিন গোপন থাকলেও সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। নিরাপত্তাজনিত কারণে সরকার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেনি। তবে জানা গেছে, এটি তুলনামূলক ছোট একটি কেন্দ্র, যা প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে সচল করা হয়। এই ঘটনা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ অবকাঠামোতেও ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দেশটির ১২টি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নিয়ে হোয়াইট হাউসে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, উভয় ক্ষেত্রেই ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা এই সাইবার আক্রমণগুলো পরিচালনা করেছে।
যুক্তরাজ্যে সাইবার হামলার ঘটনা নতুন নয়। এর আগে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা বা এনএইচএস-এর বিভিন্ন সিস্টেম অচল হয়ে পড়ার মতো বড় ধরনের হামলার নজির রয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল তাদের তথ্যপ্রযুক্তি সেবায় প্রবেশাধিকার হারিয়েছিল এবং বাণিজ্যিক উৎপাদন খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমও সাইবার হামলার কারণে ব্যাহত হয়েছিল।
সর্বশেষ বিদ্যুৎকেন্দ্রের এই ঘটনাটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে।



