টেকসই উন্নয়ন ও আধুনিক অর্থনীতি বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদারত্ব চুক্তি করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এর আওতায় মোট ৫০০০ কোটি টাকার তহবিল থেকে বিনিয়োগ সুবিধা পাবেন গ্রাহকরা। স্কিমগুলোর মধ্যে রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩০০০ কোটি, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ১০০০ কোটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
চুক্তি স্বাক্ষর
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোঃ তহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রত্যাশিত প্রভাব
এই স্কিমগুলোতে অংশগ্রহণের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক দেশে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র্য হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে।



