বাংলাদেশে মেটার একটি অফিস স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশে মেটা প্ল্যাটফর্মের ব্যাপক ব্যবহারকারীর তথ্য তুলে ধরেন। তিনি মেটার প্রযুক্তি ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ও ই-কমার্স খাতের প্রসারে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে, অনলাইনে ডিজিটাল হয়রানি ও সাইবার নির্যাতন প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে মেটার পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন দিক নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাসসের তথ্যানুযায়ী, উক্ত বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।



