সুন্দরবনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল

, বাংলাদেশ

সুন্দরবনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল

সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়া আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনির সদস্যরা সফল অভিযান চালিয়ে তাদের নিরাপদে উপকূলে নিয়ে আসেন।

ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে, যখন বোটটি নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হয়েছিলেন। সমুদ্রের মাঝপথে বোটের ইঞ্জিন অকেজো হয়ে পড়লে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকেন। দীর্ঘ সময় সমুদ্রে আটকা থাকায় জেলেরা চরম সংকটে পড়েছিলেন। অবশেষে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে ট্রলারের মালিককে বিষয়টি ফোনে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে জরুরি উদ্ধার সহায়তার আবেদন জানান।

সংবাদ পাওয়া মাত্রই কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে বিকল হয়ে ভেসে থাকা ফিশিং বোটটি শনাক্ত করে জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই কোস্ট গার্ডের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত জেলে এবং তাদের বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে বিপদগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এই ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।