পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে কঠোর গোপনীয়তা

, বিশ্ব

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে কঠোর গোপনীয়তা

রাশিয়ার জ্বালানি খাতসংশ্লিষ্ট সব ধরনের তথ্যের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করার লক্ষ্যেই মস্কো এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গত সোমবার প্রেসিডেন্ট পুতিন এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন, যা রাশিয়ার সরকারি আইনি তথ্য পোর্টালে প্রকাশ করা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিমা রাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থি বৈরী কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই বিধিনিষেধের ফলে রুশ তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াজাতকরণের পরিমাণ এবং উৎপাদিত জ্বালানি পণ্যের তথ্য এখন থেকে সীমিত প্রবেশাধিকারের আওতায় থাকবে। একই সঙ্গে রপ্তানি করা জ্বালানি পণ্যের বিস্তারিত তথ্য, যেমন—পণ্যের নাম, পরিমাণ ও বিক্রয়মূল্য প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া লেনদেনের সাথে জড়িত বিক্রেতা, ক্রেতা ও মধ্যস্থতাকারীদের পরিচয়, সরবরাহের সময়সূচি, পরিবহনযানের বিবরণ এবং টার্মিনাল, সংরক্ষণাগার ও রুটসহ এসব স্থাপনার ভৌগোলিক অবস্থানের তথ্যও গোপনীয়তার অন্তর্ভুক্ত করা হয়েছে।

জ্বালানি পণ্যের ‘সমন্বিত শুল্ক পরিসংখ্যান’ এবং সম্ভাব্য বিক্রয় লক্ষ্যমাত্রার মতো সংবেদনশীল তথ্যগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। সরকারি ডিক্রি অনুযায়ী, কোনো গণমাধ্যম বা ইন্টারনেটের মাধ্যমে এখন থেকে এসব তথ্য প্রচার করা যাবে না। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের নিজস্ব কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে পারবে। এছাড়া তথ্যের মালিকপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবং আইনি ক্ষমতাবলে সরকারি বিভিন্ন সংস্থা এসব তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

নতুন এই বিধিনিষেধের পরিধি নির্ধারণের জন্য নির্দিষ্ট পণ্যের কোড নির্ধারণ এবং সরকারি ব্যবস্থায় থাকা তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণের নিয়মাবলি অনুমোদনের জন্য সরকারকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাশিয়া মূলত তাদের জ্বালানি বাণিজ্যকে পশ্চিমা নজরদারি ও নিষেধাজ্ঞার প্রভাব থেকে সুরক্ষিত রাখার কৌশল নিয়েছে।