শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এবারের শিশু অধিকার দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তি আরও মজবুত হবে।’
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যার যে প্রতিভা আছে, সেটি তোমরা সুন্দরভাবে সম্পন্ন করো।’ তিনি অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। তিনি উল্লেখ করেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ দিলে ভবিষ্যতে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক হতে হবে।’ তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে শিশুদের আঁকা ৩৫টি চমৎকার ছবি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শিশুদের সৃজনশীলতার প্রশংসা করে তিনি তাদের প্রতিভা বিকাশে আরও বেশি উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষণা করেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে দক্ষ করে তুলতে স্কুল পর্যায় থেকেই বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।



