মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের কারণে তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৮ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। এতে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ডলার ২৮ সেন্টে। এক লাফে এতটা দাম বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
জ্বালানি তেলের এই অস্থিরতার পাশাপাশি ইউরোপের বাজারেও চাপ বাড়ছে। সরকারি ঋণের বোঝা বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে ইউরোপের সামগ্রিক অর্থনীতিতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, যা বৈশ্বিক বাজারের স্থিতিশীলতাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।



