মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান একটি ফুটবল টুর্নামেন্ট হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ। শুক্রবার সকাল ১১টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা অংশ নেন। এ সময় তারা অবিলম্বে টুর্নামেন্টটি পুনরায় চালুর জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ১৬টি দলের ২৭৪ জন খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টটি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং প্রথম রাউন্ডের খেলাগুলো সফলভাবেই শেষ হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে প্রশাসন টুর্নামেন্টের সব কার্যক্রম স্থগিত করে দেয়, যা নিয়ে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নিলয় নামের এক খেলোয়াড় বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি। তাই কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দিয়ে খেলা বন্ধ করার সিদ্ধান্তটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, টুর্নামেন্ট বন্ধ হওয়ায় ক্রীড়ামোদী মানুষের মন ভেঙে গেছে। দ্রুত এটি চালুর জন্য তারা স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক ফুটবলার বলেন, আমি নিজে একটি দলের হয়ে খেলছি।
টুর্নামেন্ট বন্ধের বিষয়ে জানতে চাওয়া হলে গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, আমরা খেলা বন্ধ করিনি; খেলাটি বন্ধ করেছেন গুয়াগাছিয়ার স্থানীয় লোকজন। তবে তার তথ্যমতে, অধিকাংশ এলাকাবাসী এখনো টুর্নামেন্টটি চালু রাখার পক্ষেই রয়েছেন।



