চলমান সংঘাতের ইতি টানতে নিজেদের সুনির্দিষ্ট ও কঠোর শর্তাবলির কথা ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পারস্য উপসাগর ও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওমানের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে এই অবস্থান পরিষ্কার করা হয়েছে। সব মোর্চায় চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইরানের নীতি অত্যন্ত দৃঢ়। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর যথাযথ উত্তর দেওয়া হবে বলে জানান তিনি।
মেহের নিউজের বরাতে ইসমাইল বাঘেই আরও জানান, ওমানের সাথে ইরানের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যাতায়াতের নিরাপদ রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ সংক্রান্ত নথি কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও পারস্পরিক বোঝাপড়া চূড়ান্ত হয়েছে। শীঘ্রই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।



