কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামীকাল ৮ অক্টোবর, বৃহস্পতিবার বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীটি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এ ছাড়া কাতার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট শিক্ষাবিদরা এই আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা এবং বৈজ্ঞানিক চিন্তাশক্তির বহিঃপ্রকাশ ঘটানোই এই মেলার মূল লক্ষ্য। আয়োজনে প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৩০৮টি নান্দনিক চারু ও কারুকলার কাজ প্রদর্শিত হবে। সেই সাথে পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তার ফসল হিসেবে ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে। শিক্ষার্থীরা তাদের পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার দক্ষতা এখানে প্রদর্শন করবে।
বিদ্যালয়ের দিবা শাখার শিক্ষার্থীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। প্রদর্শনীতে দিবা শাখার প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের প্রায় ১৫০টি সৃজনশীল কাজ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি শিল্পকর্ম স্থান পাবে। দুই শাখার শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ তাদের শৈল্পিক ও বৈজ্ঞানিক প্রতিভার এক সম্মিলিত প্রতিফলন ঘটাবে। মূলত নিজেদের কাজ বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপন করে আত্মবিশ্বাস বৃদ্ধি ও উদ্ভাবনী মনন গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রদর্শনীতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের সাদর আমন্ত্রণ জানিয়েছে। এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।



