আবারও রাত ৮টায় বন্ধ হচ্ছে শপিং মল ও দোকানপাট

, বাংলাদেশ

আবারও রাত ৮টায় বন্ধ হচ্ছে শপিং মল ও দোকানপাট

শারদীয় দুর্গাপূজার কারণে সাময়িকভাবে বাড়ানো হয়েছিল মার্কেট ও শপিং মল খোলা রাখার সময়। সেই বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় গত শুক্রবার থেকে প্রতিষ্ঠানগুলো পুনরায় আগের নির্ধারিত সময়সূচিতে ফিরে এসেছে। এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

এর আগে গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের নিয়ম কার্যকর হয়েছে। নির্দেশনায় বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে।

উল্লেখ্য যে, বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গত ১২ আগস্ট সরকার সারা দেশে রাত ৮টার মধ্যে সব শপিং মল ও দোকানপাট বন্ধ করার নির্দেশনা দিয়েছিল। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর থেকে বিপণিবিতান বা শপিং মলে আলোকসজ্জা না করার নির্দেশনাও বলবৎ রয়েছে।