উখিয়ায় রিসোর্টের ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ শিক্ষিকার দেহাবশেষ

, বাংলাদেশ

উখিয়ায় রিসোর্টের ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ শিক্ষিকার দেহাবশেষ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর পুনরায় তল্লাশি চালিয়ে কঙ্কালসদৃশ একটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে রিসোর্টের ধ্বংসস্তূপের ভেতর থেকে এটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেহাবশেষটি নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার বলে তার স্বামী দেওয়ান ফয়সাল শনাক্ত করেছেন। মরদেহের সঙ্গে পাওয়া স্বর্ণের চেইন দেখেই তিনি স্ত্রীকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। এর সঙ্গে পাওয়া স্বর্ণের চেইন দেখে দেহাবশেষটি নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) বলে শনাক্ত করেছেন তার স্বামী দেওয়ান ফয়সাল। ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দেহাবশেষটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রথম দিন রিসোর্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় সম্পূর্ণ ধ্বংসস্তূপ তল্লাশি করা সম্ভব হয়নি। সে সময় ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় ওই ১০ জনের পরিচয় শনাক্ত হলেও নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া অন্য ব্যক্তিদের নমুনার সঙ্গেও তার নমুনার মিল ছিল না।

নিখোঁজ নাসরিন আক্তার মুক্তা ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে তিনি অগ্নিকাণ্ডের শিকার হন। স্বর্ণের চেইন দেখে স্বামী দেহাবশেষটি শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে।