সাংবাদিক রিপনকে নিরাপত্তা ঘটনায় ও চাঁদাবাজির ঘটনায় জামায়াতের নিন্দা

, বাংলাদেশ

সাংবাদিক রিপনকে নিরাপত্তা ঘটনায় ও চাঁদাবাজির ঘটনায় জামায়াতের নিন্দা

গাজীপুরে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, শারীরিকভাবে নির্যাতন, নগ্ন করে ভিডিও ধারণ এবং এক কোটি টাকা চাঁদা দাবির ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাংবাদিককে অপহরণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগটি অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যদি এমন পাশবিক নির্যাতনের শিকার হন, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই এই ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াত নেতা জানান, তাকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হয়। পাশাপাশি সাংবাদিক রিপনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী কোনো ভিডিও যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। সাংবাদিকদের ভয় দেখিয়ে বা নির্যাতন চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বন্ধ করতে হবে। পরিশেষে তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভুক্তভোগী সাংবাদিকের ন্যায়বিচার ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।