মুক্তিযোদ্ধার সন্তান কোটায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার রাতে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।
তারা সবাই ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, নিয়োগ পরীক্ষার সময় তারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের কোনো প্রমাণ বা যোগ্যতাই দেখাতে পারেননি। এই জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুদক।



