ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলক গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। বৃহস্পতিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল খুলুদের বিপক্ষে অসাধারণ হ্যাটট্রিক উপহার দিয়ে নিজের গোল সংখ্যা ৯৮৫-তে উন্নীত করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। এখন লক্ষ্য পূরণে তার প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। আল নাসরের হয়ে খেলা এই ম্যাচে দল ৫-৩ গোলের জয় পেয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে থাকা ১ হাজার গোলের মাইলফলকটাকে এখন মনে হচ্ছে একেবারে নাগালের মধ্যে।
ম্যাচটি ছিল বেশ নাটকীয়। প্রথমার্ধের শুরুতে আল খুলুদ এগিয়ে গেলেও আঞ্জেলো গ্যাব্রিয়েল ও সাদিও মানের গোলে আল নাসর ঘুরে দাঁড়ায়। তবে প্রথমার্ধে স্কোরলাইন ছিল ২-২। দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন রোনালদো। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে তিনি ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন। মাত্র ১৫ মিনিটের ঝড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে দেন এই কিংবদন্তি। তার এই গোলগুলোর মধ্যে একটি ছিল হেডের মাধ্যমে। ২০২৩ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর আল নাসরের হয়ে এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। ম্যাচ যখন ২-২ সমতায় ছিল, তখন তিনি দলকে এগিয়ে নেন। অর্থাৎ হ্যাটট্রিক পূর্ণ করতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। ১৬ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড জুলিয়ান ডমিঙ্গেজ। এরপর আল নাসরের হয়ে সমতা ফেরান আঞ্জেলো গ্যাব্রিয়েল।
রোনালদোর এই হ্যাটট্রিকে জোয়াও ফেলিক্স পালন করেছেন বড় ভূমিকা। পর্তুগিজ সতীর্থ ফেলিক্স একাই চারটি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন লিওনেল মেসির চেয়ে ৪৯ গোল এগিয়ে আছেন; মেসির গোল সংখ্যা ৯৩৬টি। ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর করা ৬৭টি হ্যাটট্রিকের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে ৩টি করে গোল রয়েছে।
এদিকে এমন দুর্দান্ত জয়ের পরও আল নাসর সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে। তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। শীর্ষস্থান দখল করা আল কাদসিয়ার পয়েন্টও ২৮, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। যদিও আল কাদসিয়া আল নাসরের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে।



