কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে যোগ দিলেন আমীর

, ধর্ম ও ইসলাম

কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজে যোগ দিলেন আমীর

অনাবৃষ্টি থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমতের প্রত্যাশায় সুন্নাহ সম্মত সালাতুল ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে কাতারের লুসাইল ঈদগাহ মাঠে সমবেত হাজারো মুসল্লির সঙ্গে এই বিশেষ নামাজে অংশ নেন আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

নামাজে আমীরের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়াও শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সর্বসাধারণের সাথে কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।

নামাজ ও মোনাজাত শেষে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। খুতবায় তিনি মুসল্লিদের বিনম্র চিত্তে তওবা করা ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি বলেন, বৃষ্টিতে বিলম্ব হওয়া মূলত সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ নির্ভরতার একটি পরীক্ষা। এই বিশেষ সময়ে ইস্তিগফার, দান-সদকা এবং সৎকাজের ওপর জোর দেন তিনি।

ড. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি পানিকে আল্লাহর অন্যতম নিয়ামত হিসেবে উল্লেখ করে এর অপচয় রোধ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি ফোটা পানি মূল্যবান, তাই অপচয় রোধ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।