রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

, বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত এই বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, যেহেতু সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও দেশটিতেই নিহিত রয়েছে।

উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দুই প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, ২০৩০ সাল নাগাদ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া পরিবেশ রক্ষায় দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষ রোপণ ও নতুন খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা একে অপরকে দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। অন্যদিকে, তারেক রহমানও ভবিষ্যতে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন ইস্যুতে চলমান বিশ্ব আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।