ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে মধ্যরাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সরকারি বিভিন্ন সূত্র থেকে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হলেও এতে কী ধরনের ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক মিনিট আগেই গভীর রাতে এই হামলার ঘটনাটি ঘটে। এটি সামরিক ধরনের হামলা ছিল বলে দাবি করা হয়েছে। তবে কারা বা কোন পক্ষ এই হামলা চালিয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি। এছাড়া কী কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম শুরুতে জানিয়েছিল, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে কিছু সূত্রের ধারণা, সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে কোনো জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর সময় এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ইরানি কর্মকর্তারা সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই সিরিক বন্দরটি হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত, যা পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।
এই হামলার সংবাদের প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
ঘটনাটি নিয়ে এখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি এবং ইরান সরকারের পক্ষ থেকেও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সিরিকের মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে এমন হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। হামলার প্রকৃত কারণ ও এর প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলেরও তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে।



