বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশনের পক্ষ থেকে এই ফল প্রকাশ করা হয়। এবারের নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে মোট ২০০ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিষয়ে কমিশন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো প্রার্থীর আবেদনের তথ্যে অসংগতি, গরমিল, যোগ্যতা ঘাটতি অথবা অসত্য তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে তার মনোনয়ন সরাসরি বাতিল করা হবে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো বিরূপ তথ্য এলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য করা হবে।
কমিশন আরও জানিয়েছে যে, এই সাময়িক মনোনয়ন কাউকে সরাসরি নিয়োগপ্রাপ্তির আইনগত অধিকার প্রদান করে না। স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের নিজস্ব নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রকাশিত ফলাফলের বিষয়ে কমিশন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফলাফলে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে অথবা যুক্তিসঙ্গত কোনো প্রয়োজনে কমিশন এই ফলাফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনর্নির্ধারণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। সংশ্লিষ্ট প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। চাকরির আরও তথ্য: এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২০০ পরীক্ষার্থী।



