জেট ফুয়েলের দাম প্রায় ৯০ শতাংশ বেড়ে যাওয়ার পরও যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝা চাপাবে না কাতার এয়ারওয়েজ। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত কাতার ইকোনমিক ফোরামে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির গ্রুপ প্রধান নির্বাহী হামাদ আলী আল খাতের। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে প্রিমিয়াম জেট ফুয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ১৮২ ডলারে গিয়ে ঠেকেছে, যা এয়ারলাইনস খাতের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
জ্বালানির এই উচ্চমূল্যের প্রভাব এড়াতে বাড়তি ভাড়া না বাড়িয়ে বরং অভ্যন্তরীণ খরচ নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে কাতার এয়ারওয়েজ। এর অংশ হিসেবে লাভজনক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং একই সঙ্গে তুলনামূলক কম লাভজনক কিছু রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে বিমানবন্দরের স্লট এবং নিয়মিত যাত্রী সংখ্যা ধরে রেখে আর্থিক ভারসাম্য বজায় রাখার কৌশল নিয়েছেন সংশ্লিষ্টরা।
পরিচালন ব্যয় কমিয়ে আনতে এবং জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়াতে একটি বিশেষজ্ঞ দল বর্তমানে নিরলস কাজ করছে বলে জানান হামাদ আলী আল খাতের। তিনি বলেন, পরিচালনগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই জ্বালানির চড়া দামের এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে। এছাড়া আন্তর্জাতিক আকাশপথে যাত্রীদের চাহিদা এখনো বেশ স্থিতিশীল ও শক্তিশালী রয়েছে, যা এয়ারলাইনসটিকে নতুন করে আশাবাদী করছে।
যাত্রী আচরণের বিষয়ে এয়ারওয়েজের প্রধান নির্বাহী জানান, বর্তমানে প্রায় ৭৫ শতাংশ যাত্রী ভ্রমণের ৬০ দিন আগে থেকেই নিজেদের টিকিট বুকিং নিশ্চিত করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী চাহিদা বাড়লে বর্তমানে বন্ধ রাখা রুটগুলোতে আবারও নিয়মিত ফ্লাইট চালু করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বড় ধরনের ভাড়া বৃদ্ধি ছাড়াই বর্তমান পরিস্থিতির সফল উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেন হামাদ আলী আল খাতের।



