জেরুজালেমে ইসরাইলের জন্য নতুন দূতাবাস খোলার যে সিদ্ধান্ত কলম্বিয়া নিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কলম্বিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, অধিকৃত জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো অপচেষ্টাকে কাতার প্রত্যাখ্যান করে। জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, জেরুজালেমের মর্যাদা নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক মতভেদ রয়েছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।



