বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন অ্যাস্টন ভিলার এমেরি

, খেলা

বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন অ্যাস্টন ভিলার এমেরি

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে বার্সেলোনাকে দেখছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে কাতালান ক্লাবটির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউরোপের শীর্ষ পর্যায়ের এই প্রতিযোগিতায় বার্সেলোনা সবসময়ই ফেবারিট। নিজেদের সেরা ছন্দে থাকলে যেকোনো দলকে হারানোর সক্ষমতা তাদের রয়েছে।

এমেরির ভাষ্যমতে, বর্তমান সময়ের সেরা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ দাবিদারের তালিকায় বার্সেলোনা অবশ্যই থাকবে। দলটির আক্রমণভাগের শক্তির প্রশংসা করে তিনি বলেন, অতীতে তারা যেমন ফেবারিট ছিল, এখনো একই মর্যাদা ধরে রেখেছে। বার্সেলোনার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া ও তরুণ সেনসেশন লামিন ইয়ামালের খেলার ধরন ভিলা কোচকে দারুণভাবে মুগ্ধ করেছে।

বিশেষ করে লামিন ইয়ামালের ব্যাপারে এমেরির মন্তব্য, এই স্প্যানিশ তরুণ এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা প্রতিযোগীদের একজন। তিনি ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেছেন।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কৌশল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন এমেরি। তিনি উল্লেখ করেন, ফ্লিকের অধীনে বার্সেলোনার খেলার ধরনে আক্রমণাত্মক ফুটবলের স্পষ্ট ছাপ রয়েছে, যা দর্শকদেরও বিনোদন দিচ্ছে। তবে প্রশংসার পাশাপাশি বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু-তে অ্যাস্টন ভিলার জন্য যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটি নিয়েও তিনি বেশ সচেতন।