বর্তমান সময়ে শুধু সংবাদ সংগ্রহই যথেষ্ট নয়; তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা এবং আকর্ষণীয় উপায়ে দর্শকের কাছে খবর পৌঁছানো এখন গণমাধ্যম কর্মীদের জন্য অপরিহার্য দক্ষতা। এই লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর সাংবাদিক পরিষদের উদ্যোগে শুক্রবার এক দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুরের সী-গাল রিসোর্টে এই কর্মশালা চলে, যেখানে গাজীপুর সদর ও শ্রীপুরের মোট ৩০ জন সংবাদকর্মী অংশ নেন। এই বার্তা নিয়েই গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা।
প্রশিক্ষণের প্রথম পর্বে কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি ও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক সম্পৃক্ততার নানা কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। দ্বিতীয় সেশনে ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম সাংবাদিকদের কারিগরি দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তথ্য অধিকার আইন এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালার মূল আকর্ষণ ছিল জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। জনস্বার্থের সংবাদ করতে হলে তথ্য পাওয়ার অধিকার এবং সেই তথ্যের সত্যতা যাচাই কতটা জরুরি, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট সাঈদ চৌধুরী। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়। শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় প্রত্যয়নপত্র।
সংগঠনের সভাপতি মো. মোজাহিদ জানান, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মফস্বল সাংবাদিকদের নতুন নতুন কারিগরি দক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের কলাকৌশল শেখানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকতায় গুণগত পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



