ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে প্রতারণার আশ্রয় নেওয়ায় ব্রায়ান ডিভাইন পন্টিং নামের এক অপেশাদার ক্রিকেটারকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। গত জুলাই মাসে অনুষ্ঠিত ম্যাচটিতে সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে ফিল্ডিং করার সময় তিনি অসাধু উপায় অবলম্বন করেন। নর্টনের ব্যাটার নোমান শাবিরের ব্যাটিংয়ের সময় বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে পন্টিং নিজের আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার নকল শব্দ তৈরি করেন।
সেই কৃত্রিম শব্দ শুনে উইকেটকিপার বলটি লুফে নেন এবং সল্টবার্নের খেলোয়াড়রা আউটের জোরালো আবেদন জানালে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিষয়টি লিগ কর্তৃপক্ষের নজরে আসার পর তদন্ত করা হয় এবং তাতে পন্টিং ও তার দলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তদন্তের প্রেক্ষিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন পন্টিং। এই নিষেধাজ্ঞার ফলে তিনি খেলোয়াড়, কোচ, আম্পায়ার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন না।
শুধু পন্টিং নয়, শাস্তির আওতায় এসেছে তার ক্লাব সল্টবার্নও। ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে অবনমন করে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের নতুন মৌসুমের শুরুটা করতে হবে ৬০ পয়েন্ট জরিমানা বা পেনাল্টি নিয়ে এবং ক্লাবটিকে আলাদাভাবে ৩০০ পাউন্ড জরিমানাও গুনতে হবে। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্য সদস্যদের বিতর্কিত আচরণের প্রমাণ পাওয়া গেছে, যা ক্লাবের সামগ্রিক শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধু পন্টিংকে, তবে বিতর্কিত ঘটনায় দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।



