জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

, বাংলাদেশ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলবায়ু কূটনীতির মঞ্চ কপ-৩১-এ যোগ দেওয়ার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়াতে অবস্থিত এক্সপো সেন্টারে জাতিসংঘের এই ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন আজ শুরু হয়েছে, যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। প্রধানমন্ত্রী সম্মেলনে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশগ্রহণ করবেন এবং সেখানে দুটি পৃথক পর্বে বক্তব্য রাখবেন। সফরকালীন কর্মসূচির অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এবারের সম্মেলনে বাংলাদেশ মূলত পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে। একইসাথে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উন্নত বিশ্বের কাছে সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার দাবি জানানো হবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের কার্যকারিতা নিশ্চিত করতে বাংলাদেশ জোরালো অবস্থান নেবে।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আয়োজিত এই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু রক্ষার বিভিন্ন লক্ষ্যমাত্রা বিশেষ গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস করা এবং ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ কমিয়ে আনা। প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধির বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশা করা হচ্ছে।