তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের জোরালো আহ্বান জানান। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এখন ঋণের বোঝা নয়, বরং প্রয়োজন অনুদান এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। এর পাশাপাশি তিনি এসব দেশের জন্য ঋণ ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে সহজলভ্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তার ওপর জোর দেন। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তা সত্ত্বেও, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের উল্লেখ করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। উন্নয়নের প্রতিটি ধাপে প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা সরকারের অগ্রাধিকার।
নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকারের লক্ষ্যমাত্রা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে। এছাড়া পরিবেশবান্ধব শিল্পের প্রসারে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা গড়ে উঠেছে এবং বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা উৎসাহিত করা হচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের কাজ চলছে। এছাড়া ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস এবং জলাভূমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রথমত, আন্তর্জাতিক অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে ব্যয় করতে হবে।
দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করতে হবে। পঞ্চম প্রস্তাবনায় তিনি কপ-৩১ সম্মেলনে ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান।
ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ ও নারীদের জলবায়ু কার্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদ দেন। তিনি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। তিনি একটি সফল ও অর্থবহ কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে প্রতিশ্রুতি বাস্তবায়নে বৈশ্বিক সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।



