রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং দীর্ঘদিনের অকার্যকর সিনেট সচল করার দাবিতে কঠোর অবস্থানে যাচ্ছে রাবি সংস্কার আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের একটি চূড়ান্ত আল্টিমেটাম প্রদান করেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস জানান, গত ৪ নভেম্বর সংগঠনের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। সেই স্মারকলিপিতে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি জানানো হয়েছিল। তবে নির্ধারিত সেই সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।
জান্নাতুল ফেরদৌস আগামী ১৬ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা না গেলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।
সংগঠনটির আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, বর্তমানে নির্বাচন আয়োজনের পথে বড় কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য চাইলে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে অবিলম্বে একটি নির্বাচন কমিশন গঠন করতে পারেন। নির্বাচন কমিশন এরপর স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের মতো জটিল কোনো পরিস্থিতি নেই এবং বর্তমানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বিদ্যমান রয়েছে। এই স্থিতিশীলতা বজায় থাকতেই ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। কোনো অজুহাত ছাড়াই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এই আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানান।



